জাতীয় ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০৩:১৩

প্রধানমন্ত্রীর জন্মদিনে নৌকা বাইচ করবে বিআইডব্লিউটিএ 

আমাদের কাগজ ডেস্ক : প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নৌকা বাইচের আয়োজন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এটি শেখ হাসিনার ৭৭তম জন্মদিন। এ উপলক্ষ্যে ঢাকার মোহাম্মদপুরস্থ ঢাকা উদ্যান প্রধান সড়কের শেষ প্রান্তে তুরাগ নদে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। 

আজ (বুধবার) নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়৷  বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ২৮ সেপ্টেম্বর বিকাল সাড়ে তিনটায় এই প্রতিযোগিতায় অংশ নেবেন মোট ১২টি দল।

এসময় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, সংসদ সদস্য মো. সাদেক খান, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু এবং নৌপরিবহন মন্ত্রণালয় সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা।

অংশ নেওয়া দল গুলো হচ্ছে: নৌকা বাইচে বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ, ধলেশ্বরী, ইছামতি, কর্ণফুলী, সুরমা, কীর্তনখোলা, আড়িয়াল খাঁ, ডাকাতিয়া, বংশী ও বালু নদের নামে মোট ১২টি দল বিভিন্ন ইভেন্টে অংশ নেবে।

আমাদেরকাগজ/এমটি