নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সরকারি বাসভবনে বিএনপির হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের প্রধান বিচারপতি পদে অধিষ্ঠিত ব্যক্তি শুধু একজন ব্যক্তি নন। তিনি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং বিচার বিভাগের অভিভাবক। তার সরকারি বাসভবনে আক্রমণ পুরো বিচার বিভাগের ওপর আক্রমণ এবং দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠাকে বাধাগ্রস্থ করার হুমকি প্রদর্শন।
বিএনপি-জামায়াতের কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল শনিবার রাজধানীর কাকরাইল এলাকায় প্রধান বিচারপতির সরকারি বাসভবনে হামলার ঘটনা ঘটে।
এ ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, কোনো সভ্য গণতান্ত্রিক দেশের রাজনৈতিক কর্মসূচি পালনকালে প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ ও ভাঙচুরের এই ঘটনা নজিরবিহীন।
তিনি আরও বলেন, গত ২৮ অক্টোবর ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশের প্রতিশ্রুতি দিয়েও বিএনপি পূর্ব পরিকল্পিতভাবে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। এদিন মহাসমাবেশের আড়ালে বিএনপির তাণ্ডব লীলার মাধ্যমে আবারও তাদের পুরনো চেহারা ফুটে উঠেছে। তারা আগের মতোই আইন-শৃঙ্খলাবাহিনীর ওপর ঘৃণ্য হামলা চালিয়েছে এবং পুলিশের একজন সদস্যকে বর্বরোচিতভাবে হত্যা করেছে।
এ ঘটনার নিন্দা জানিয়ে বিএনপি-জামায়াতের যেকোনো কর্মসূচির বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
আমাদেরকাগজ/এইচএম




















