জাতীয় ৫ নভেম্বর, ২০২৩ ০৫:২০

বিএনপি নেতাদের গ্রেপ্তার রাজনৈতিক কারণে নয়: আইনমন্ত্রী 

আমাদের কাগজ ডেস্ক : ‘অপরাধজনিত সংশ্লিষ্টতা থাকার কারণে বিএনপি নেতা কর্মীদের ধরা হচ্ছে। এর সঙ্গে রাজনীতির সংশ্লিষ্টতা নেই’ বলে দাবি করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।  

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি নেতাদের রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়নি, তাদের অপরাধের কারণে গ্রেপ্তার করা হয়েছে।

আজ (রোববার) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেছেন।

বিএনপি নেতাদের গ্রেপ্তার নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, 'অপরাধজনিত সংশ্লিষ্টতার কারণে বিএনপি নেতাদের ধরা হয়েছে। রাজনীতির সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা নেই।' এর আগে, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, 'তিনি সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। আমাদের সব বিষয়ে তিনি আলাপ করেছেন।'

চলমান আন্দোলন বা বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে আলোচনা হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাব দেননি মন্ত্রী।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর থেকে রাজধানীতে দলটির ২ হাজার ২৬১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত কয়েক দিনে হওয়া ৮৯টি মামলার বিপরীতে তাদরে গ্রেপ্তার করা হয়। (রোববার) (৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কে এন রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৮ অক্টোবর রাজধানীতে বড় ধরনের সমাবেশ করে বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগ। সেদিন দুপুরের দিকে বিএনপির সমাবেশে আসা লোকজনের সঙ্গে কাকরাইল মোড়ের কাছে আওয়ামী লীগের সমাবেশগামী লোকজনের সংঘর্ষ শুরু হয়। পুলিশ সেখানে হস্তক্ষেপ করার পর এক পর্যায়ে প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয় এবং বেশকিছু গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। উপস্থিত সাংবাদিকদেরও ব্যাপক মারধর করা হয়। এরপর পুলিশ সাউন্ড গ্রেনেড ও উপুর্যুপরি টিয়ারশেল নিক্ষেপ করে বিএনপির সমাবেশ ভণ্ডুল করে দেয়। এর ফলে সংঘর্ষ চারদিকে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয় এবং পুলিশ হাসপাতালে হামলা চালানো হয়।

সমাবেশ বানচালের প্রতিবাদে পরদিন ২৯ অক্টোবর বিএনপি হরতাল পালন করে। একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা ৩ দিনের অবরোধ কর্মসূচি দেওয়া হয়। এরপর আবারও ৪৮ ঘন্টার অবরোধের ডাক দেয় বিএনপি ও জামায়েত।  

এদিকে, হরতালের দিন এবং পরবর্তী কয়েকদিনে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী ও মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে পুলিশ।

আমাদেরকাগজ/ এমটি