ডেস্ক রিপোর্ট।।
ডেঙ্গু রোগ থেকে নাগরিকদের রক্ষায় স্থানীয় সরকার বিভাগ এবং ঢাকার দুই সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া ইতোমধ্যে যারা ছুটিতে রয়েছেন, তাদেরকে ২৪ ঘন্টার মধ্যে কর্মক্ষেত্রে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোঃ এরশাদুল হক স্বাক্ষরিত শনিবার (৩ আগস্ট) এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা সৃষ্টি, মশার প্রজননস্থল বিনষ্টকরণ, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং লার্ভা ও মশক নিধন কার্যক্রমে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে পুনরাদেশ না দেয়া পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী এবং ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করা হলো।


















