ডেস্ক রিপোর্ট।।
৩৩ ঘণ্টার সফল অস্ত্রোপচারে মাথা জোড়া লাগানো যমজ শিশু রাবেয়া-রোকেয়াকে সফলভাবে পৃথক করা সম্ভব হয়েছে। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এই অস্ত্রোপচার শেষ হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, "মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় পাবনার চাটমোহরের রফিকুল ইসলাম ও তসলিমা বেগম দম্পতির তিন বছর পনেরো দিন বয়সের এই দুই বাচ্চা ২০১৭ সাল থেকেই সামগ্রিক সহায়তা পেয়ে আসছিলো। হাঙ্গেরী সরকারের মাধ্যমে "একশন ফর ডিফেন্সলেস পিপল" নামক সংগঠনও স্ক্রিয় সহায়তা প্রদান করেছেন। শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ইন্সটিটিউটের অধ্যাপক শামন্ত লাল সেন বিষয়টির সমন্বয়কারীর দায়িত্ব পালন করেছিলেন। ইতোপূর্বে প্রাণবন্ত বাচ্চা দুইটির দু-স্তরে 'এন্ডোভাস্কুলার সার্জারী' ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৪৮ টি ছোট বড় অপারেশন হাঙ্গেরীতে সম্পন্ন হয়।"
এছাড়া আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে, জমজ শিশুর মস্তিষ্ক আলাদা করার অপারেশনটি প্রধানমন্ত্রীর নির্দেশনায় সম্মিলিত সামরিক হাসপাতালে সম্পন্ন হয়।
এধরনের অস্ত্রোপচার সারাবিশ্বেই বিরল ঘটনা। আর উপমহাদেশের ইতিহাসে এইটাই প্রথম। বিজ্ঞপ্তিতে এ সফল অপারেশনের পর রাবেয়া ও রোকেয়ার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।




















