জাতীয় ৮ আগস্ট, ২০২৪ ০৬:৫২

অন্তর্বর্তী সরকারের শপথ রাত ৯টায়

নিজস্ব প্রতিবেদক    
শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আজ রাত ৯টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিকালে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, ‘রাত সাড়ে ৮টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বাক্য পাঠ করাবেন।” 

এর আগে গতকাল বুধবার বিকেলে সেনাসদরে আয়োজিত ব্রিফিংয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছিলেন, শপথগ্রহণ অনুষ্ঠান হবে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায়। তবে আজ সেই শপথ অনুষ্ঠান ৩০ মিনিট পিছিয়ে রাত ৯টায় সময় নির্ধারণ করা হয়।

নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন। ফ্রান্সের প্যারিস থেকে বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে তিনি ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছান।

অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা কত হবে তা এখনো জানা যায়নি। তবে ১১ থেকে ১৫ সদস্যের এই সরকার হতে পারে বলে আলোচনা রয়েছে, যারা একই অনুষ্ঠানে শপথগ্রহণ করবেন।