জাতীয় ৪ আগস্ট, ২০১৯ ০৭:২৩

ডেঙ্গুতে ব্যস্ত রেখে অপশক্তি যেন রক্তপাত ঘটাতে না পারে: কাদের

ডেস্ক রিপোর্ট।।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রবিবার (৪ আগস্ট) রাজধানীর শান্তিনগরে ডেঙ্গু বিষয়ে সচেতনতা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরুর আগে বক্তব্য দিতে গিয়ে বলেছেন, আগস্ট মাসে অপশক্তির তৎপরতা বেড়ে যায়। তাই এডিস নিয়ে আমাদের ব্যস্ত রেখে যেন তারা কোনও ঘটনা ঘটাতে না পারে, সেদিকে দৃষ্টি রাখতে হবে।

এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দলের নেতাদের শোকাবহ আগস্টের কথা মনঃে করিয়ে দিয়ে বলেন, ‘আগস্ট মাস এলেই অশুভ শক্তির তৎপরতা বেড়ে যায়। ডেঙ্গু নিধনে আওয়ামী লীগের নেতাকর্মী ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন ব্যস্ত, সে সুযোগ নিয়ে অশুভ শক্তি যেন দেশে কোনোভাবেই রক্তপাত ঘটাতে না পারে, সেদিকে সবাইকে লক্ষ রাখতে হবে।’

এ সময় তিনি ডেঙ্গু মোকাবিলায় দুই সিটি মেয়র, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান।  এছাড়াও মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের বলেন,  'জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়, এমন কোনও কথা বলা যাবে না। এমন কোনও বক্তব্য দেবেন না, যে বক্তব্যের কারণে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। আপনারা কোনও বক্তব্য দিতে চাইলে একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন।’

বাংলাদেশের প্রতিটি মানুষকে ডেঙ্গুমুক্ত না করা পর্যন্ত আওয়ামী লীগের সব নেতাকর্মী ডেঙ্গুবিরোধী অভিযানে মাঠে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে যা যা করার আমরা তাই করবো।’ 

এছাড়াও তিনি আশংকা প্রকাশ করেন যে, ফায়দা হাসিলের জন্য ডেঙ্গু নিয়ে কিছু কিছু মহল উদ্দেশ্যমূলক ভাবে আতংক ছড়াচ্ছে। নেতাকর্মীদের তিনি এই বিষয়ে সচেতন থাকতে বলেন।