ঢামেক প্রতিবেদক
বরিশালের কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলের ড্রাম ভর্তি ট্রলারে বিস্ফোরণে দগ্ধ চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে তাদের এ হাসপাতালে নিয়ে আসা হয়। তারা হলেন- রুবেল (২২), মানিক (৩০), মান্না (২৫) ও সম্পদ আলী (২৮)।
বুধবার সন্ধ্যায় বরিশাল নগরীর ত্রিশগোডাউন সংলগ্ন নদীতে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। পরে প্রাথমিকভাবে তাদের বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, জ্বালানিতেল ভর্তি ড্রাম নিয়ে একটি ট্রলার কীর্তনখোলা নদী দিয়ে হাতিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রলারটি ত্রিশগোডাইন এলাকায় নদীতে হঠাৎ বিস্ফোরণ হয়।

















