জাতীয় ১৯ জুন, ২০২৫ ১০:২৩

মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ। সাক্ষাৎকারে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

বুধবার ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকালের প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানো এক বার্তায় তা জানানো হয়েছে। 

সাক্ষাৎকারে রোহিঙ্গা সংকট, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের চলমান শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া নিয়ে বিশদ আলোচনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

এছাড়াও ড. খলিলুর রহমান আলাদাভাবে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক সংক্রান্ত একটি চুক্তি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এমএসআই