ডেস্ক রিপোর্ট।।
ডেঙ্গু নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণ কার্যকর মশা মারা ওষুধের প্রয়োগ চান। সংশ্লিষ্টদের সেদিকে নজর দিতে হবে।
সকালে মিরপুর মাজার রোডে ডেঙ্গু সচেতনতা অভিযানে অংশ নিয়ে তিনি এসব বলেন। কিছু দিনের মধ্যেই কার্যকরী ওষুধ দেশে আসবে বলেও জানান তিনি।
রাতে ও দিনে মশারি ব্যবহারের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মশার কারণে জীবন চলে যাচ্ছে তা মানা যায় না। সবাইকে এ ব্যপারে সচেতন হতে হবে। নেতা কর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিদের এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বলেন ওবায়দুল কাদের।
কন্ট্রোল রুমের তথ্য বলছে, গতকাল মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ বছর মারা গেছে ২৩ জন। তাদের মধ্যে নারী ১২ জন ও শিশু ৮টি। আর প্রথম আলো অন্তত ১১০ জনের মৃত্যুর খবর পেয়েছে। এর মধ্যে ৬ জন বাদে বাকি ১০৪ জনের প্রাথমিক পরিচয় জানা গেছে। তাদের মধ্যে নারী ৪৪, পুরুষ ৩২ ও শিশু ২৮টি। এর আগে ডেঙ্গুতে সর্বোচ্চ ৯৩ জন মারা গিয়েছিল ২০০০ সালে। ওই বছর প্রথম ব্যাপকভাবে ডেঙ্গু ছড়িয়ে পড়েছিল।




















