জাতীয় ৭ আগস্ট, ২০১৯ ০৭:৪৪

ক্রেতা সংকটে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো 

ডেস্ক রিপোর্ট ।। 

ঈদুল আজহাকে সামনে রেখে পর্যাপ্ত কোরবানির পশু উঠেছে রাজধানীর পশুর হাটগুলোতে। তবে হাট এখনো পুরোপুরি জমেনি। ব্যবসায়ীরা বলছেন, ক্রেতা সমাগম বাড়তে আরো দু-একদিন লাগবে। 

রাজধানীর একমাত্র স্থায়ী পশুর হাট গাবতলীসহ এবার দুই সিটি কর্পোরেশনে অস্থায়ী ২২টি হাটে পশু বিক্রি হবে। 

চোখে পড়ার মতো গরুর অভাব নেই গাবতলীর পশুর হাটে। কিন্তু ক্রেতা সংকটে ভুগছে দেশের বিভিন্ন স্থান থেকে আসা কোরবানির পশু বিক্রেতারা। 

তবে গাবতলী হাটে এখন বড় আকর্ষণ যুবরাজ। বয়স সাড়ে তিন বছর বয়সের এই গরুটির ওজন ৩৮ মণ। ঝিনাইদহের এই ষাঁড়টির দাম হাঁকা হচ্ছে ৪০ লাখ টাকা। 

সিরাজগঞ্জের উল্লা পাড়া থেকে আসা বাবলু ব্যাপারী বলেছেন, সাতটি গরু নিয়ে এবার গাবতলীর পশুর হাটে এসেছি কিন্তু এর মধ্যে বিক্রি হয়েছে মাত্র একটি।

হাটে ওঠা বিশাল আকৃতির গরুগুলোর বেশিরভাগই সংকর জাতের। এর বাইরে আছে ভারত থেকে আসা হরিয়ানা গরু। বেশি দাম পাওয়ার আশায় সারা দেশ থেকে গরু নিয়ে ঢাকায় এসেছেন ব্যবসায়ীরা।