ডেস্ক রিপোর্ট।।
ইডেনে ভারত বাংলাদেশ ক্রিকেট দৈরথ দেখতে সংক্ষিপ্ত ভারত সফরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনও ‘তুমি’ আবার কখনও ‘আপনি’ সম্বোধন করছিলেন। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা গেছে, এক পর্যায়ে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন, তাকে যেন ‘আপনি’ করে না ডেকে ‘তুমি’ সম্বোধন করেন শেখ হাসিনা।
শুক্রবার বাংলাদেশ-ভারত ঐতিহাসিক দিবারাত্রির টেস্ট ম্যাচের উদ্বোধন করতে ইডেনের মাঠে যান হাসিনা-মমতা। সেখানেই নিজেদের মধ্যে আলোচনার সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ‘তুমি’ সম্বোধন করার অনুরোধ জানান।
আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে, “কখনো ‘আপনি’, কখনো ‘তুমি’ বলছেন দেখে শেখ হাসিনাকে মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত আবদারে বলে ফেলেন, ‘আমাকে আপনি বলবেন না। ইংরেজিতে তো শুধু ইউ। আমাদের বাংলায় আপনি, তুমি দুটো শব্দই আছে। তুমিটা অনেক আপন। আমাকে তুমিই বলবেন।’ এরপর শেখ হাসিনা মৃদু হেসে কাছে টেনে নেন মমতাকে।”
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গোলাপি বলে ভারত-বাংলাদেশ টেস্টের উদ্বোধনী দিনে ইডেনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনাকে অভ্যর্থনা জানানোর পর থেকে গৃহকত্রীর মতোই সারা দিন আন্তরিক আপ্যায়নে ব্যস্ত থাকেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
দিনব্যাপী কলকাতা সফর শেষে শুক্রবার রাতে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী।





















