জাতীয় ২৭ সেপ্টেম্বর, ২০২০ ১২:৩৬

‘প্রতিটি বৃক্ষ মুজিববর্ষের সাক্ষী হিসেবে আগামী প্রজন্মের জন্য দাঁড়িয়ে থাকবে’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান মুজিববর্ষে বৃক্ষরোপণের অনুভূতি ব্যক্ত করে বলেছেন, প্রতিটি বৃক্ষ মুজিববর্ষের সাক্ষী হিসেবে আগামী প্রজন্মের জন্য দাঁড়িয়ে থাকবে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিববর্ষ’ উপলক্ষে জাতীয় সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এ কথা বলেন। এ সময় এ কর্মসূচিতে আরও অংশ নেন এমপি মো. আক্তারুজ্জামান, এ এম নাঈমুর রহমান এবং মুহাম্মদ ইকবাল হোসেন।

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বৃক্ষরোপণের যে উদ্যোগ নিয়েছেন সেটা, স্বাস্থ্যবিধি মেনেই সবাই পালন করে আসছেন এবং আমাদের সব সংসদ সদস্য (এমপি) অংশ নিচ্ছেন বলে  এনামুর রহমান আরো বলেন, এটা আমাদের জন্য এক বিশাল অনুভূতির ব্যাপার। প্রতিটি বৃক্ষ মুজিববর্ষের সাক্ষী হিসেবে আগামী প্রজন্মের জন্য দাঁড়িয়ে থাকবে। এটাই আমাদের অর্জন বলে আমি মনে করি।

মুজিববর্ষ উপলক্ষে ৩৫০ থেকে ৫০০টি চারারোপণের লক্ষ্যমাত্রা নিয়ে সংসদ ভবন চত্বরে গত ২৬ জুলাই এ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।