জাতীয় ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০৩:৫৬

প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদকঃ

আজ ২৮ সেপ্টেম্বর। ১৯৪৭ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা। দীর্ঘ তিন দশক ধরে তিনি আওয়ামী লীগকে নেতৃত্ব দিচ্ছেন। রেকর্ড চারবার প্রধানমন্ত্রী হয়েছেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনৈতিক জীবনে অনেক চড়াই-উতরাই পার করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এরপর ভর্তি হন ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট গার্লস কলেজে। যা বর্তমানে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ নামে পরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। ১৯৬৭ সালের ১৭ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁর স্বামী পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন পুত্র ও একজন কন্যা সন্তান রয়েছে। প্রথম সন্তান সজীব ওয়াজেদ জয়ের জন্ম হয় ১৯৭১ সালের ২৭ জুলাই। আর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের জন্ম হয় ১৯৭২ সালের ৯ ডিসেম্বর।

দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও আলো ছড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন সময় আন্তর্জাতিক বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর জন্মদিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) শুভেচ্ছা জানিয়েছে।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজ বেলা সাড়ে তিনটায় বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল হবে। এ ছাড়া প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদিনের সঙ্গে মিল রেখে বন ও পরিবেশ উপকমিটি উপকূলীয় অঞ্চলে ৭৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছে।