নিজস্ব প্রতিবেদক
মুজিবনগরে ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় ২ কিলোমিটার স্বাধীনতা সড়ক উন্মুক্ত করার জন্য ভারতের প্রতি অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বিদায়ী সাক্ষাৎ করতে এলে এ অনুরোধ জানান তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাৎকালে ড. মোমেন উল্লেখ করেন, স্বাধীনতা সড়ক উন্মুক্ত করা হলে ভারতের পর্যটকরা সহজে ঐতিহাসিক মুজিবনগর পরিদর্শন করতে পারবেন।
এ সময় তিনি ভারতীয় ‘লাইন অব ক্রেডিট’র আওতায় নির্মিতব্য বিভিন্ন প্রকল্প সময়মতো সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
করোনা মহামারির কারণে বন্ধ থাকা ভারতের স্থলবন্দর খুলে দেওয়ার অনুরোধ করেন পররাষ্টমন্ত্রী। তিনি বলেন, এতে দুই দেশের নাগরিকরা সড়কপথে সহজে যাতায়াত করতে পারবেন।
এ সময় ড. মোমেন ৬ষ্ঠ যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) মন্ত্রী পর্যায়ের সভা সফলভাবে শেষ হওয়ায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করকে ধন্যবাদ জানান।


















