নিজস্ব প্রতিবেদক
আজ মঙ্গলবার দুপুরে ভিয়েতনাম ফেরত ৪৭ জন গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি ভিয়েতনামে গিয়ে প্রতারণার শিকার হয়ে ১০৬ জন বাংলাদেশি দেশে ফেরেন। দেশে ফেরার পর তাদের রাখা হয় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। কোয়ারেন্টিন শেষে তাদের নিজ নিজ বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠায়।
কাশিমপুর কারাগার পার্ট-১-এর জেলার নূর মোহাম্মদ বলেন, গত ৫ সেপ্টেম্বর এই কারাগারে ভিয়েতনাম ফেরতদের মধ্যে ১৯ জনকে পাঠানো হয়। আদালত থেকে তাদের মুক্তি দেওয়ার আদেশ আসার পর তা যাচাই-বাছাই করে মঙ্গলবার দুপুরে মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর কারাগার পার্ট-২-এর জেলার আবু সায়েম বলেন, গত ১ সেপ্টেম্বর এই কারাগারে ভিয়েতনাম ফেরত ৩২ জনকে পাঠানো হয়। তাদের মধ্যে ২৭ জনের মুক্তির আদেশ পাওয়া গেছে। আদেশের কপি যাচাই-বাছাই করে দুপুরে তাদের মুক্তি দেওয়া হয়েছে। এ সময় তাদের সঙ্গে আনা জিনিসপত্রও বুঝিয়ে দেওয়া হয়।
কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেল সুপার সফিকুল ইসলাম খান বলেন, তাঁর কারাগার থেকে ভিয়েতনাম ফেরত একজনকে সাড়ে ১২টার দিকে মুক্তি দেওয়া হয়েছে।


















