জাতীয় ৮ অক্টোবর, ২০২০ ১০:০১

পদ্মা সেতুর কাজ দ্রুতগতিতেই এগিয়ে যাচ্ছে : সেতুমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

পদ্মাসেতু প্রকল্পের কাজের ৮৮ দশমিক ৫০ শতাংশ সার্বিক অগ্রগতি হয়েছে। ৪১টি স্প্যানের মধ্যে ৩১টি স্প্যান স্থাপন শেষ হয়েছে। বাকি ১০টি ‍জুলাইয়ের মধ্যে স্থাপনের টার্গেট ছিল। কিন্তু পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে এই স্প্যান স্থাপনের কাজ একটু বিলম্বিত হচ্ছে। অন্যান্য কাজ থেমে নেই। স্রোতটা একটু শান্ত হলেই বাকি স্প্যান বসানোর কাজ শুরু হবে বলে জানায়, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের উদ্বোধনের সময় সেতুমন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আর একটি স্বপ্নের প্রকল্প, তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট ঢাকা মেট্রোরেল এমআরটি লাইন-৬। এই প্রকল্পটির কাজ করোনাকালে নানান বাধাবিপত্তি সত্ত্বেও ৫০ ভাগ অগ্রগতি হয়েছে। এছাড়া মেট্রোলাইন-১ এবং মেট্রোলাইন-৫ এর নির্মাণ কাজের প্রস্তুতিও এগিয়ে চলছে। ২০৩০ সালের মধ্যে ছয়টি মেট্রোলাইন নির্মাণ করবো। সারা ঢাকা শহরকে যানজটমুক্ত করার পথে এটা হবে সুদূরপ্রসারি পদক্ষেপ।’