নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাড়ে পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে রাতে বিষয়টি পুলিশকে জানান স্বজনরা। অভিযুক্ত জিয়াউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, মিরপুর-১২ নম্বর সেকশনে পরিবারের সঙ্গে থাকে ওই শিশু। তার বাবা-মা শ্রমজীবী। বিকেল ৩টার দিকে তারা নিজেদের কাজে বাইরে ছিলেন। এ সময় ওই বাসায় সাবলেট থাকা জিয়াউর রহমান কৌশলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নেয়। এরপর তার ওপর চালানো হয় পাশবিক নির্যাতন। সন্ধ্যায় বাবা-মা বাসায় ফিরলে শিশুটি কাঁদতে থাকে। তারা কান্নার কারণ জানতে চাইলে সে ঘটনাটির ব্যাপারে জানায়। তখন ভুক্তভোগী শিশুর স্বজনরা প্রতিবেশীদের সহায়তায় ধর্ষক যুবককে আটকে রাখেন। পরে তারা পল্লবী থানায় এসে মামলা করেন। ভুক্তভোগী শিশুর প্রয়োজনীয় চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




















