নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক গ্রিনস্টর্ম ন্যাচার ফটোগ্রাফি কন্টেস্ট এর ১২তম আসরে প্রথমস্থান অধিকার করেছেন চট্টগ্রামের ফটোগ্রাফার রাকায়েত উল করিম রাকিম। তার তোলা ‘ইনফিনিটি’ শিরোনামের ছবিটি ৬ হাজারের বেশি ছবিকে পিছে ফেলে শ্রেষ্ঠ বিবেচিত হয়েছে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির সহায়তায় ভারতীয় প্রতিষ্ঠান গ্রিনস্টর্ম ফাউন্ডেশন এই প্রতিযোগিতার আয়োজন করে। সম্প্রতি গ্রীণস্টর্ম ফাউন্ডেশন এক ই-মেইল বার্তায় রাকায়েত উল করিমকে বিজয়ের বিষয়টি জানায়।
রাকায়েত উল করিম চট্টগ্রাম জেলার চান্দগাঁও আবাসিক এলাকার এলাকার মাকসুদুল আলমের ছেলে। তিনি বর্তমানে নগরীর ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন এবং চট্টগ্রামে ফ্রিল্যান্সিং ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন। ২০০৯ সাল হতে শুরু হওয়া প্রতিযোগিতায় পৃথিবীর ৫২টি দেশের সেরা সেরা আলোকচিত্রী তাদের ৬ হাজারেরও বেশি ছবি জমা দেন। সেখান থেকেই বিচারকমণ্ডলী সেরা ৩০টি ছবি নির্বাচন করেন। বিচারকদের নির্বাচিত সেই ৩০টি ছবি ছেড়ে দেওয়া হয় অনলাইন ভোটের জন্য। অনলাইনে সর্বসাধারণের ভোটে পাঁচটি ছবি নির্বাচিত হয় চূড়ান্ত পর্বের জন্য। চূড়ান্ত পর্বে এসে রাকায়েত উল করিম রাকিমের ছবিটিই সর্বাধিক ভোটে বিজয়ী হয়।
রাকায়েত উল করিম বলেন, ‘আমার ফটোগ্রাফির শুরুটা হয় ২০১৭ সালে। মোবাইল ফটোগ্রাফি দিয়েই আমার ছবি তোলার যাত্রা শুরু । প্রফেশনাল ক্যামেরা ছিলো না বলে দমে যাইনি কখনোই। বরঞ্চ ক্যামেরা কেনার আগে মোবাইল ফটোগ্রাফির মাধ্যমে সাবজেক্ট,ফ্রেমিং,লাইটিং ইত্যাদি বিষয় সম্পর্কে সাধারণ ধারণাগুলো আয়ত্ত করার চেষ্টা করে গিয়েছি প্রতিনিয়ত। প্রাকৃতিক ছবির পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার ছবি তুলতে আমার ভাল লাগে। ’
হাজারও ছবির মধ্যে নিজের ছবিটি সেরাদের সেরা হয়ে প্রথম স্থান হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে রাকায়েত বলেন, ‘আন্তর্জাতিক পুরস্কার পাওয়ায় আমি অনেক বেশি আনন্দিত। যা ভাষায় প্রকাশ করা যায় না। আমার দ্বিতীয় আন্তর্জাতিক পুরষ্কার এটি। চলতি মাসের জুন মাসে স্পেনে অনুষ্টিত আন্তর্জাতিক জ্যালন এঞ্জেল ফটোগ্রাফি এওয়ার্ডে বিজয়ী হয়ে প্রথম আন্তর্জাতিক সম্মাননা অর্জন করি ’।
এই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ফটোগ্রাফার মোহাম্মদ নওফেল ও তৃতীয় হয়েছেন ভারতের কার্তিকিয়া গ্রোভার। বাংলাদেশের আবদুল মোমেন, রাশিয়ার ভ্লাদ্লেনা ল্যাপসেনা ও ভারতের শ্রীধরণ প্রতিযোগিতায় কনসোলেশন পুরস্কার জিতেছেন।


















