নিজস্ব প্রতিবেদক
বিএনপি-জামায়াত কখনও সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসতে পারবে না। তাই পুরো জাতির উচিত এদের প্রত্যাখান করা।
আজ রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমান নিজেকে উপ প্রধানমন্ত্রী, মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর ঘোষণা করেছিলেন। পরবর্তীতে হ্যাঁ/ না ভোট দিয়ে রাষ্ট্রপতি এবং আবার পার্লামেন্টসহ এককভাবে সব ক্ষমতার মালিক হয়েছিলেন। বাংলাদেশকে একটি পাকিস্তানি রাষ্ট্রে পরিণত করার সব নীল নকশা প্রণয়ন করেছিলেন এই জিয়াউর রহমান।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমলোচনা করে মুরাদ হাসান বলেন, ৭ নভেম্বর কীভাবে স্বাধীনতা অর্জনের সময় হয় বিএপির কাছে। সেনাবাহিনীর কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিমান বাহিনীর কর্মকর্তাদের হত্যা করে ক্ষমতায় আসাটা কি কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল?
বিএনপি-জামায়তকে সুস্থ ধারার রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি নেতাদের উচিত এ ধরনের অশালীন বক্তব্য পরিহার করে সুস্থ ধারার রাজনীতি করা। যদিও এদের পক্ষে এটা সম্ভব না। এরা কখনই সুস্থ রাজনীতির ধারায় ফিরে আসতে পারবে না। এদেরকে প্রত্যাখান করার জন্য বাঙালি জাতির প্রতি আহ্বান জানাই।’
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এতে আরও উপস্থিত ছিলেন— ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রফিকুল আলম, অভিনেত্রী তারিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা লায়ন চিত্ত রঞ্জন দাস, ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনি সম্পাদক এফ এম শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।






















