রাজনীতি ২২ নভেম্বর, ২০২০ ০৮:০৯

স্বাধীনতার ইতিহাস বিকৃতি করাই বিএনপির গণতন্ত্র : কাদের

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতার ইতিহাস বিকৃতি করাই বিএনপির গণতন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার কক্সবাজার জেলায় বাংলাদেশ নৌবাহিনীর শেখ হাসিনা ঘাঁটি সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের সূচনা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সম্প্রতি বাসে আগুন দেয়ার পর বিএনপি আবার ফিরে গেছে জ্বলাও পোড়াও রাজনীতিতে। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সকল দলের রয়েছে কিন্তু কর্মসূচির নামে জনগণের শান্তি ও স্বস্তি বিনষ্টের কোনো অপচেষ্টা করলে সমুচিত জবাব দিবে সরকার। বিএনপি অস্বীকার করলেও ভিডিও চিত্রে সব প্রকাশিত হয়েছে।’

নির্মাণ প্রকল্পের বিষয়ে তিনি বলেন, ‘৮০ কিলোমিটার দীর্ঘ কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ বদলে দিয়েছে কক্সবাজারের সুনীল সমুদ্র অবলোকনের দৃশ্যপট। মেরিন ড্রাইভকে ঘিরে সম্প্রসারণের উদ্যোগও ইতোমধ্যেই নেয়া হয়েছে। রামু, ফতেখারকুল, মরিচ্যা জাতীয় মহাসড়ক উন্নয়ন কাজ চলমান রয়েছে।’

এ সময় কক্সবাজার লিংকরোড় হতে লাবনী মোড় পর্যন্ত চারলেনের মহাসড়কের কাজ শীঘ্রই শেষ হবে বলেও জানান তিনি।