নিজস্ব প্রতিবেদক
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, “বিএনপি দেশকে দরিদ্র করতে চেয়েছে আর শেখ হাসিনা দেশকে স্বয়ংসম্পূর্ণ করেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বে আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আমরা আশা করছি অদূর ভবিষ্যতে বাংলাদেশ খাদ্য রপ্তানি করে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।“
আজ শুক্রবার খুলনার বয়রায় বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর সম্মলন কক্ষে নবনির্মিত এক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আরো বলেন, "বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল। বঙ্গবন্ধু বলেছিলেন খাদ্য বলতে শুধু ধান, চাল, ভুট্টা,গমকেই বোঝায় না, খাদ্যের একটি বড় অংশ হচ্ছে মাছ, মাংস, শাকসবজি। তিনি আরো বলেছিলেন ভিক্ষুকের জাতির কোনো মর্যাদা থাকে না। বঙ্গবন্ধুর লক্ষ্য নিয়ে শেখ হাসিনা গোটা জাতিকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য কাজ করে যাচ্ছেন।"
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ব্যাপক কাজ করার সুযোগ রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, "করোনাকালে কয়েক লক্ষ মানুষ বিদেশ থেকে দেশে ফিরে এসেছে, যারা এখন বেকার। এ সময় গার্মেন্টস খাত ও প্রবাসীআয় বাধাগ্রস্ত হয়েছে। আমরা প্রত্যেক বেকারকে স্বাবলম্বী করার পরিকল্পনা নিয়েছি। তাদেরকে মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদন কাজে সহায়তা করা হবে। সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ দেয়া হবে। প্রান্তিক মানুষদের সরাসরি নগদ প্রণোদনা দেয়া হবে, যাতে তারা ঘুরে দাঁড়াতে পারে।"
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন হাওলাদার, খুলনার জেলা প্রশাসক হেলাল হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাথু রাম সরকার এবং প্রাণিসম্পদ খাতে সম্পৃক্ত উদ্যোক্তা ও খামারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




















