ডেস্ক রিপোর্ট
বিএনপি রাজপথের আন্দোলনে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র ও চক্রান্তকে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন, রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তি ও গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খায়রুজ্জামান লিটন।
বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, আমাদের এই বিজয় সহজে আসেনি। আমাদের যে বিজয়, সেই বিজয়কে সংহত করার জন্য আজকের দিবস আমরা পালন করছি। আর এই বিজয় যাতে না থাকে সেই জন্য রাজাকার, আলবদর, বিএনপি, জামায়াত আগেও তৎপর ছিলো, আজও তৎপর আছে।
‘তাদের নাম যাই হোক; আগে ছিলো মুসলিম লীগ, তারপরে নেজামে ইসলাম, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলামী, জেএমবি বা যেই নামেই হোক না কেন তাদের শেকড় কিন্তু একটাই তা হলো বিএনপি। এরা বাংলাদেশের অস্তিত্ব, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে কখনো বিশ্বাস করে না।’






















