ডেস্ক রিপোর্ট।।
সাবেক ছাত্রনেতাদের প্রভাবমুক্ত ষষ্ঠ কাউন্সিল চায় ছাত্রদলের প্রার্থীরা। আর সরাসরি ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব বের করে আনার প্রক্রিয়ায় কোনো সিন্ডিকেটের প্রভাব ফেলার সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি।
রাজপথে বিএনপির অন্যতম সহায়ক শক্তি ছাত্রদলের নেতৃত্ব প্রকৃত ছাত্রদের হাতে তুলে দিতে চাপিয়ে দেয়া কমিটির বৃত্ত ভাঙার প্রক্রিয়া শুরু হয়েছে। ২৭ বছর পর সারাদেশের ৫৮০ জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক।
শুরুতে নানা নাটকীয়তা থাকলেও নির্বাচনের তফসিল ঘোষণার পর উচ্ছ্বসিত ছাত্রনেতারা। চলছে নির্বাচনের প্রস্তুতি।
সভাপতি পদপ্রার্থী হাফিজুর রহমান বলেন, 'সম্মানিত কাউন্সিলররা প্রত্যেকেই দায়িত্বশীল জায়গায় আছেন। অবশ্যই যাদের ত্যাগ-তিতিক্ষা আছে, আন্দোলন-সংগ্রামে ভূমিকা আছে, তেমন নেতৃত্ব তারা নির্বাচিত করবেন বলে আমি বিশ্বাস করি।'
সরাসরি নির্বাচন কতটুকু স্বচ্ছ হবে বা সাবেক নেতাদের কতটুকু প্রভাবমুক্ত থাকবে তা নিয়েও আছে আলোচনা। কারণ, নির্বাচন সফল করার দায়িত্ব সাবেক ছাত্রনেতাদের হাতেই।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী ডালিয়া রহমান জানান, 'ওনারা স্বচ্ছ থাকবে, ওনারা কোন বলয় বা সিন্ডিকেটের চিন্তা না করে দেখবেন যোগ্য প্রার্থীকে কিভাবে মাঠ থেকে সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত করা যায়। সেই জায়গা থেকে আমার উনাদের কাছে এটা চাওয়া ও দাবি।'
সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিজানুর রহমান শরীফ বলেন, 'সাবেক যারা প্রেসিডেন্ট ও সেক্রেটারি আছেন তারা প্রত্যেকেই নির্বাচন পরিচালনা, আপিল নিষ্পত্তি সবগুলো কমিটিতে আছে। আশা করি যে, উনারা দায়িত্বে থাকা অবস্থায় কারও জন্য কাজ করবেন না।'
সরাসরি ভোটে নেতা নির্বাচন হবে তাই পছন্দের কাউকে চাপিয়ে দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, 'আমরা দলের আমানতকে সবচেয়ে বেশি মূল্যায়নে আনবো ওবং কেউ যদি এ ধরনের বলয়ের চিন্তা করেন বা প্রভাব বিস্তার করার চেষ্টা করেন সেটি কোনভাবেই ঠিক হবেনা। এর সুযোগ আছে বলেও আমি মনে করিনা।'
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খায়রুল কবির খোকন জানান, 'এ বিষয়গুলো নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। অতীতে এ ধরনের অভিযোগ ছিলো, ছিলো না যে তা নয়। ব্যক্তিগতভাবে পছন্দের কাউকে নিয়ে আসা, ম্যানুপুলেট করে নিয়ে আসা এ ধরনের কোন সুযোগ নেই।'
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এখন থেকে নিয়মিত কাউন্সিল করে যোগ্য ও শক্তিশালী নেতৃত্ব বের করে আনতে চায় দলটি।




















