ডেস্ক রিপোর্ট
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ব্যর্থতার জন্য নেতাকর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন বিএনপি নেতারা। বিএনপির নেতাদের এমন ক্ষমা চাওয়ার ঘটনাকে নাটক বলে অভিহিত করেছেন বিএনপিপন্থী বুদ্ধিজীবী ডা. জাফরুল্লাহ চৌধুরী।
আজ সোমবার দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমে এমন মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের এ প্রতিষ্ঠাতা।
নেতাকর্মী নয় দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে বিএনপি নেতাদের। আন্তরিকতা থাকলে তিনদিন মাঠে নেমে দেখানোর আহ্বান জানান ডা. জাফরুল্লাহ।
তিনি বলেন, আন্তরিকতা, সদিচ্ছা ও কৃতজ্ঞতা বোধ না থাকায় বিএনপি নেতারা গত তিন বছর খালেদা জিয়ার জন্য আন্দোলন করতে পারেনি।
এর আগে, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারার ব্যর্থতা স্বীকার করে ক্ষমা চেয়েছেন বিএনপি'র শীর্ষ নেতারা। দলীয় চেয়ারপার্সনের নিঃশর্ত মুক্তি দাবিতে রাজধানীতে আয়োজিত সমাবেশে তারা বলেন, আমরা এতটাই দুর্ভাগা, এতটাই ব্যর্থ যে দলীয় প্রধানকে কারামুক্ত করার ব্যবস্থা করতে পারিনি।




















