নিজস্ব প্রতিবেদক: ১০ ডিসেম্বর নয়। যখনই এই সরকার অবৈধভাবে ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে, তখন থেকে দেশের জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দল চায়নি যে এই সরকার ক্ষমতায় থাকুক। ‘আগামী ১০ ডিসেম্বরের পর বাংলাদেশ খালেদা জিয়ার কথায় চলবে’ তার দেয়া এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এভাবেই নিজের সুর পাল্টালেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান।
সোমবার(১০ অক্টোবর) রাজধানীর দৈনিক বাংলা মোড়ে শহীদ জেহা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে ওই প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ১৯৯০ সালের ১০ অক্টোবর স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে ঢাকার পল্টনে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা নাজির উদ্দিন জেহা।
আমানউল্লাহ আমান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভয়াবহ লোডশেডিংয়ের কারণে মানুষ অসহায়। দেশ পরিচালনায় এই অবৈধ সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তাই যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। জনগণ ভোট দিয়ে তাদের সরকার প্রতিষ্ঠিত করবে। এটাই তাদের প্রত্যাশা।
তিনি বলেন, জনগণ এই সরকারকে আর এক মুহূর্তও ক্ষমতায় দেখতে চায় না। তাদের দাবি অনুযায়ী আমরাও মাঠে নেমেছি।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় আমান উল্লাহ আমান বলেন, ‘আগামী ১০ ডিসেম্বরের পরে বাংলাদেশ চলবে খালেদা জিয়ার কথায়। এর বাইরে কারও কথায় দেশ চলবে না।’




















