নিজস্ব প্রতিবেদক: সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়ন ও প্রশংসা করছে, সেখানে বিএনপি কুৎসা রটাচ্ছে। বিএনপি শীতের পাখির মতো, সবসময় তাদের পাশে পাওয়া যায় না। তাদের বিষয়ে জনগণকে সচেতন করতে হবে। নির্বাচন সন্নিকটে, এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন।
বুধবার (১২ অক্টোবর) দুপুরে দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আগামী এক মাসের দেশের চলমান লোডশেডিং স্বাভাবিক হবে। বৈশ্বিক সমস্যার কারণে শুধু বাংলাদেশ লোডশেডিংয়ের কবলে নয়, জার্মানি ও আমেরিকাসহ উন্নত বিশ্বের বহু দেশে আমাদের তুলনায় বেশি হচ্ছে। সেই তুলনায় আমরা অনেক ভালো আছি। সরকার বিদ্যুতের লোডশেডিং থেকে দেশকে উত্তরণের জন্য কাজ করে যাচ্ছে। এক মাসের মধ্যে দেশের বিদ্যুতের লোডশেডিং ঠিক হয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘আজ থেকে ১৪ বছর আগে দিনাজপুর শহর যেমন ছিল, তার থেকে আজকের চিত্র ভিন্ন। ১৪ বছর আগে দিনাজপুর থেকে যে ছেলে বিদেশে গেছে, সে দেশে ফিরে আজ দিনাজপুর শহরকে চিনছে না। সেই ছেলে ১৪ বছর আগে মাটির বাড়ি থেকে বিদেশে গেছে, অথচ দেশে ফিরে দেখে পাকা বাড়ি। রাস্তাঘাট কাঁচা ছিল, আজ রাস্তাঘাট পাকা হয়েছে।’
দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকারের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
আমাদের কাগজ//টিএ






















