রাজনীতি ২৭ অক্টোবর, ২০২২ ০৬:০৫

রংপুরে বিএনপির সমাবেশ, শুক্রবার থেকে বাস ধর্মঘট

রংপুর প্রতিনিধি: রংপুরে মহাসমাবেশ করার প্রস্তুতি নিয়েছে বিএনপি। আগামী শনিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে এই সমাবেশ। এরমধ্যে খুলনার মতো একদিন আগে শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবহন ধর্মঘট ডেকেছে রংপুর জেলা মোটর মালিক সমিতি।

মোটর মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে এ খবর জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়কে থ্রি-হুইলার, নসিমন, করিমনসহ লাইসেন্সবিহীন অবৈধ যান চলাচল বন্ধ ও কুড়িগ্রামে প্রশাসনিক হয়রানির প্রতিবাদে আগামীকাল শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুরের সব রুটে বাস, ট্রাক, মিনিবাস ও মাইক্রোবাস চলাচল বন্ধ থাকবে।

রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক বলেন, আমাদের ধর্মঘট নিয়ে বিএনপির মহাসমাবেশের সঙ্গে কোনও সম্পর্ক নেই। বুধবার রাতে সুনির্দিষ্ট দাবির ভিত্তিতে এই ধর্মঘট ডাকা হয়েছে।

আমাদের কাগজ//জেডআই