নিজস্ব প্রতিবেদক: বিএনপি সকাল-বিকেল ভাঙা রেকর্ড বাজাচ্ছে জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, লন্ডন থেকে বাংলাদেশ কোন পথে যাবে, এটা নতুন করে ফয়সালার প্রয়োজন নেই। সেই ফয়সালা ১৯৭১ সালে হয়ে গেছে। বিএনপি সমাবেশ করছে, কথার ফুলঝুরি ছড়াচ্ছে।
শনিবার (২৯ অক্টোবর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, একজন কীভাবে এতো বড় নির্লজ্জ মিথ্যাবাদী হয়। তা মির্জা ফখরুলের কথা শুনলেই বোঝা যায়।
মাহবুবউল আলম হানিফ বলেন, মানবতার নামে এখন মায়া কান্না কাঁদেন। স্বপ্ন দেখছেন যে কচু পাতার পানি ধাক্কা মেরে ফেলে দেবেন। এটা আওয়ামী লীগ। যার শিকড় অনেক শক্তিশালী।
সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সারওয়ারের সভাপতিত্বে ভার্চুয়ালি সম্মেলনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক, সহসভাপতি হাজি মো. ইলিয়াস মিয়াসহ অনেকেই।
আমাদের কাগজ/ইদি




















