রাজনীতি ৩১ অক্টোবর, ২০২২ ০৯:১২

স্পিকারের আশ্বাসে সংসদে ফিরলেন জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক: অবশেষে সোমবার (৩১ অক্টোবর) বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ দলের অন্য সদস্যরা চলমান সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর আশ্বাসে যোগ দিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা।

এর আগে, রোববার বিকেলে জাতীয় পার্টির সংসদীয় দলের সভায়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরকে (জি এম কাদের) বিরোধীদলীয় নেতা হিসেবে গেজেট প্রকাশ না করা পর্যন্ত সংসদে না যাওয়ার ঘোষণা দেন।

জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু গণমাধ্যমকে বলেন, সংসদীয় দল জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করেছে। কিন্তু স্পিকার দুই মাসেও তাকে স্বীকৃতি দেননি। স্পিকারের কার্যালয় বলছে, রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা। তবে স্পিকারের আশ্বাস পাওয়ার পর জাতীয় পার্টি সংসদ অধিবেশনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। জাপা চেয়ারম্যান জি এম কদের পার্টির সংসদ সদস্যদের অধিবেশনে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

রোববার একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হয়। চলবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত।

আমাদের কাগজ//জেডআই