রাজনীতি ৩১ অক্টোবর, ২০২২ ১১:৩৬

ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আগামী ডিসেম্বরে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে ছাত্রলীগের তদারকির দায়িত্বে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলের চার নেতার মধ্যে জরুরি বৈঠক হয়েছে।

সোমবার ৩১ (অক্টোবর) ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, জরুরি বৈঠকে ছাত্রলীগের সম্মেলন নিয়ে আলোচনা হয়েছে। তারিখ দেওয়া হলে কবে সম্মেলনের প্রস্তুতি নেওয়া সম্ভব হবে জানতে চাওয়া হয় কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মকর্তাদের কাছে। আগামী ৩ ও ১০ ডিসেম্বর মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তারিখগুলো দলীয় সভাপতির কাছে পাঠানো হবে। তিনি রাজি হলে নির্ধারিত তারিখে সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ২৪ ডিসেম্বরের আগে ছাত্রলীগের সম্মেলন হবে। তবে প্রধানমন্ত্রীর যখন সুবিধা হবে, তখনই ছাত্রলীগের সম্মেলন হবে।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেন, আগামী ১৬ ডিসেম্বরের আগেই ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। কাল (মঙ্গলবার) দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতির সঙ্গে দেখা করবেন এবং তারিখ নির্ধারণ করবেন। 

বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। 

এছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত ছিলেন। 

আমাদেরকাগজ/এইচএম