নিজস্ব প্রতিবেদক: কাঁচপুর ব্রিজসহ সাসেক ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ণ প্রকল্পের তিন সেতুর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ফলক পুড়ানো ও ভেঙ্গে ফেলার জন্য বিএনপিকে দায়ি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার ১৮ নভেম্বর বিকালে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের দপ্তর উপ কমিটির সভায় বক্তব্যে এ কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, "আজকে বাংলাদেশে নুতন করে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে শেখ হাসিনার উন্নয়ন অর্জনের যারা শত্রু, উন্নয়ন আর অর্জনের বিশোদগার যারা করে যাচ্ছে তারা অন্ধকারে কাঁচপুর ব্রিজের প্রান্তে আমাদের নেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী ফলক গুড়িয়ে ফেলেছে।
"আমি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই, এবং এই ঘটনার তীব্র নিন্দা করি। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের অবশ্যই খুজে বের করা হবে। আমাদের সচিব এখানে আছে। বলেছি পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে তাকে দায়িত্ব দিয়েছি। একটা মামলাও করতে হবে।"
এই ফলক ভাঙ্গার সঙ্গে কারা জড়িত বেড়িয়ে আসবে জানিয়ে মন্ত্রী বলেন, "আমরা যে বলি, এরা পারলে... এখন শুরু করলো। এমন একটা সেতুর উদ্বোধনী ফলক ভেঙ্গে ফেলেছে। এই তিন সেতু চট্রগ্রামের যাতায়তের অহংকারের একটা বিষয়। এই তিন সেতুতে জাপান যে ফান্ড দিয়েছে, এগারশ কোটি টাকা সাশ্রয় হয়েছে।
"এরা যে আন্দোলনের নামে কি করবে, এটা বোঝাই যায়। এখন তারা উদ্বোধনী ফলক ভাঙ্গতে শুরু করেছে। তাও ফলকটি আমার না, শেখ হাসিনার, এত বিদ্বেষ। তারা করেছে, আমরা বুঝি। বেড়িয়ে আসবে সত্য।" আওয়ামী লীগের দপ্তর উপ-কমিটির আহ্বায়ক ড. অনুপম সেনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, মো. সাখাওয়াত হোসেন শফিক, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু, সানজিদা খানম, আনিসুর রহমান, আব্দুল আউয়াল শামীম প্রমুখ।
প্রস্তুতি সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
আমাদেরকাগজ/ এএইচ






















