নিজস্ব প্রতিবেদক: আগামী ১০ ডিসেম্বর বিএনপি নয়াপল্টনেই সমাবেশ করবে বলে ফের ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৩০ নভেম্বর) নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, অতীতে নয়াপল্টনে বিএনপি ও ২০ দলের সমাবেশ হয়েছে। যেসব সমাবেশে খালেদা জিয়া অংশগ্রহণ করেছেন। অতীতের কোনো সমাবেশেই বিশৃঙ্খলা হয়নি। ১০ ডিসেম্বরও বিএনপি নয়াপল্টনে শান্তিপূর্ণ সমাবেশ করতে চায়। তাই সরকারের কাছে সার্বিকভাবে বিএনপিকে সমাবেশের ব্যবস্থা করে দেওয়ারও আহ্বান জানান তিনি।
সরকার ভীত হয়ে সমাবেশ বন্ধ করতে বাড়ি বাড়ি গিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করছে এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব জানান, গত ৭ দিনে ১৬৯টি মামলা দিয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ৬ হাজার ৭২৩ জনকে। গ্রেফতার করা হয়েছে ৬ শতাধিক নেতাকর্মীকে।
মির্জা ফখরুল বলেন, আবারও গত নির্বাচনের আগের মতো শুরু করেছে সরকার। এভাবে স্তব্ধ করা যাবে না, মানুষ জেগে উঠেছে। সরকার জনগণের ভাষা বুঝতে পারছে না, তাই একটার পর একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছে। এক মাস আগেই নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়েছি। এটা বিভাগীয় সমাবেশ, মহাসমাবেশ নয়। সেদিন (১০ ডিসেম্বর) শনিবার, তাই যানবাহনের সমস্যাও নেই। এখন নয়াপল্টনে সমাবেশ করার ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের।
আমাদেরকাগজ/এইচএম






















