রাজনীতি ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০৯:৫২

ছাত্রলীগের একাংশ জাবি ভিসির অপসারণ চায়

ডেস্ক রিপোর্ট।। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলামকে অপসারণের দাবি জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের একাংশ। বুধবার সকালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে অবস্থান কর্মসূচিতে তারা এ দাবি জানান।

এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে যেসব অনিয়মের অভিযোগ রয়েছে, তার তদন্ত করতে হবে। এছাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক শোভন-রাব্বানীকে কী কারণে পদ থেকে অপসারণ করা হলো, তার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। তদন্তে নির্দোষ প্রমাণ হলে তাদের স্বপদে পুনর্বহালেরও দাবিও জানানো হয় এ অবস্থান কর্মসূচিতে।  

সম্প্রতি ভিসির বিরুদ্ধে জাবি ছাত্রলীগকে টাকা দেয়ার অভিযোগ তোলেন ছাত্রলীগের পদ হারানো সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এর প্রেক্ষিতে ঈদ সালামি হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগকে ১ কোটি টাকা দিয়েছে বলে দাবি করেন জাবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন।

জাবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদকের দাবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে ঈদ সালামি বাবদ ১ কোটি টাকা দিয়েছেন। এর মধ্যে জাবি ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা নিয়েছেন ৫০ লাখ টাকা, সাধারণ সম্পাদক এসএম আবু সুফিয়ান চঞ্চল নিয়েছেন ২৫ লাখ টাকা আর সাদ্দাম নিয়েছেন ২৫ লাখ টাকা।
 
এর আগে চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত হওয়া গোলাম রাব্বানী অভিযোগ করেন, জাবির উন্নয়ন প্রকল্পে বাধা হয়ে না দাঁড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে ভিসি ফারজানা ইসলাম ১ কোটি ৬০ লাখ টাকা দিয়েছেন। অন্যদিকে উপাচার্য অভিযোগ করেন, তিনি কোনো টাকা দেননি। বরং রাব্বানী ও ছাত্রলীগের বরখাস্ত হওয়া সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন তার কাছে কয়েক দফায় উন্নয়ন প্রকল্পের বাজেট থেকে ৪ থেকে ৬ শতাংশ টাকা ঈদ সালামি দাবি করেন।

এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। তিনি বলেছেন, সাদ্দাম মিথ্যা বলছেন, তিনি এই মিথ্যা বলা বন্ধ না করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।