রাজনীতি ৯ ডিসেম্বর, ২০২২ ০৪:০২

 লড়াইয়ের সময় এসে গেছে: মান্না 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হন। পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় জনগণ রাজপথে ফয়সালা করবে। গত ১৪ বছর ধরে যে জনগণের সব অধিকার হরণ করেছেন, সিদ্ধান্ত এখন সেই জনগণের হাতে ৷ 

এ সময় সরকার ফ্যাসিবাদী আচরণের সব সীমা অতিক্রম করেছে বলে মন্তব্য করেন মান্না । আজ শুক্রবার দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলেন তিনি। 

 

তিনি বলেন,চূড়ান্ত লড়াইয়ের সময় এসে গেছে। এই লড়াইয়ে আমাদের বিজয় সুনিশ্চিত। মান্না বলেন, বিরোধী রাজনৈতিক শক্তিকে দমনের জন্য সরকার সর্বশক্তি নিয়োগ করেছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে রাজনৈতিক শিষ্ঠাচারবহির্ভূত এবং অসাংবিধানিক বক্তব্য দেওয়া হচ্ছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি করে, হামলা করে তারা দেশকে অস্থিতিশীল করে তুলেছে। অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার শেষ চেষ্টা করছে। তারাও জানে সময় ফুরিয়ে এসেছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক করার প্রতিবাদ জানিয়ে গণতন্ত্র মঞ্চের এই শীর্ষ নেতা বলেন, হামলা, মামলা, গ্রেফতার করে গণঅভ্যুত্থান ঠেকানো যাবে না। অবিলম্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিএনপি এবং গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের মুক্তি দাবি করেন তিনি। 

জনগণের উদ্দেশ্যে মান্না বলেন, আমাদের ভয় পাবার কিছু নেই। ভয় পেয়েছে স্বৈরাচার সরকার। যে যেখানে আছেন, সেখান থেকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। দলমত নির্বিশেষে সব বিরোধী রাজনৈতিক দল এবং গণতন্ত্রকামী জনগণকে ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। 

উল্লেখ্য, নাগরিক ঐক্য বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলটির জন্ম ২০১২ সালের ১ জুন। দলটির প্রতিষ্ঠাতা বাংলাদেশ আওয়ামী লীগ-এর সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না। দলটি ২০১২ সালে ৩ জন উপদেষ্টা ও ১৮৬ জনের কেন্দ্রীয় কমিটি নিয়ে আত্মপ্রকাশ করে।

আমাদের কাগজ/এম টি