রাজনীতি ১১ ডিসেম্বর, ২০২২ ০৯:৫১

আজ জামিনের আবেদন করবেন ফখরুল-আব্বাস

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ আজ রোববার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিনের আবেদন করবেন আইনজীবীরা। শনিবার (১০ ডিসেম্বর) তাদের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মামলাটিতে এজাহারনামীয় আসামি হয়েও আমানউল্লাহ আমানসহ দুজন অসুস্থ বিবেচনায় জামিন পেয়েছেন। মির্জা ফখরুল ও মির্জা আব্বাস এজাহারনামীয় আসামি নন। তারা অসুস্থ। তাই তাদের জামিন হবে বলে আমরা আশা করছি।   

 

এর আগে শুক্রবার (১০ ডিসেম্বর) মির্জা ফখরুল ও আব্বাসের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ আদেশ দেন। ওইদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ইন্সপেক্টর তরিকুল ইসলাম দুই নেতাকে কারাগারে আটক রাখার আবেদন করে আদালতে হাজির করেন। গত বুধবার রাজধানীর নয়াপল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলায় উসকানির অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা হয়। ঘটনার পরদিন গভীর রাতে পুলিশ তাদের বাসা থেকে আটক করে নিয়ে যায়। শুক্রবার দুপুরে দুই নেতাকে গ্রেপ্তার দেখায় ডিবি।

আদালত জামিন নামঞ্জুর আদেশ দেওয়ার পর ফখরুল ও আব্বাসের পক্ষে তাদের আইনজীবীরা কারাগারে ডিভিশনের প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক কারাবিধি অনুযায়ী ডিভিশনের বিষয়ে কারা কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। দলের চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ অভিযোগ করেন।

শামসুদ্দিন দিদার জানান, বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া তিনটার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার উত্তরার বাসা থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। একই সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকেও তার শাহজাহানপুরের বাসা থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। 

আমাদের কাগজ/এম টি