রাজনীতি ১২ ডিসেম্বর, ২০২২ ১০:০৭

বিএনপির ৬ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ  বিএনপির সদস্যরা পদত্যাগ করায় একাদশ জাতীয় সংসদের ছয়টি আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগপত্র গ্রহণের পর সংসদ সচিবালয় গেজেট প্রকাশ করল।

এই এমপিরা হলেন জি এম সিরাজ (বগুড়া-৭), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), মোশাররফ হোসেন (বগুড়া-৪), উকিল আব্দুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২) ও রুমিন ফারহানা (সংরক্ষিত নারী আসন)। রোববার (১১ ডিসেম্বর) রাতে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।  

 

জানা যায়, আসন শূন্য হওয়ার পর প্রকাশিত গেজেট তাদের কাছে পাঠানো হবে। সেই সঙ্গে নির্বাচন কমিশনে পাঠানো হবে। আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপ নির্বাচন হবে।

এরআগে গতকাল রোববার দুপুরে সশরীরে উপস্থিত হয়ে স্পিকার ড. শিরীন শারমিনের কাছে পদত্যাগপত্র জমা দেন ৫ এমপি। এসময় অনুপস্থিত ২ জনের পক্ষেও পদত্যাগপত্র জমা দেওয়া হয়। স্পিকার তখন ৫ জনের পদত্যাগপত্র গ্রহণ করেন এবং ওই ৫ আসন শূন্য হয়েছে বলে সাংবাদিকদের জানান।

বাকি দুজনের একজন আব্দুস সাত্তার অসুস্থ থাকায় তার আবেদনের বিষয়ে তার সঙ্গে কথা বলে যাচাই করার পর গ্রহণ করার কথা জানিয়েছিলেন স্পিকার। আর হারুন অর রশিদ বিদেশে থাকায় তার পদত্যাগপত্র আপাতত গ্রহণ করা হয়নি।

সন্ধ্যার মধ্যে আব্দুস সাত্তারের পদত্যাগের আবেদন যাচাই শেষে গ্রহণ করা হয়। এরপর রাতে ৬ আসন শূন্য ঘোষণা করা হয়।

এদিকে নির্বাচন কমিশনার মো. আলমগীর জানিয়েছেন, সংসদ সচিবালয় আসন শূন্য ঘোষণার গেজেট প্রকাশ করলে আমরা নির্বাচনের ব্যবস্থা নেব। দেড় থেকে দুই মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

আমাদের কাগজ/এম টি