রাজনীতি ১৩ ডিসেম্বর, ২০২২ ০৫:৩৫

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছেন রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি। 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে গণভবনে সাক্ষাত করেন তারা।

এ সময় জাতীয় পার্টির পক্ষে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতার শারীরিক পরীক্ষা নেন এবং কুশল বিনিময় করেন। সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

এছাড়া বিশ্বের যে কোনো দেশে গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থা জোরদারে বিরোধী দলগুলোর দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।

জাতীয় পার্টির নেতারা বলেন, আজ স্বাধীন বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে অনেক প্রতিকূলতার পর একটি স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর। বাংলাদেশের মানুষ এর সুফল ভোগ করছে এবং দেশের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন সাধিত হচ্ছে।

জাতীয় পার্টি তার রাজনৈতিক অবস্থান থেকে দেশে গণতন্ত্র ও সাংবিধানিক সরকার বজায় রাখতে বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে জাতীয় পার্টি সংসদে এবং সংসদের বাইরে প্রধান বিরোধী দল হিসেবে গঠনমূলক ও কার্যকর ভূমিকা পালন করবে।

আমাদেরকাগজ/এইচএম