এবার ছাত্রলীগের পদ পেতে দিতে হচ্ছে লিখিত পরীক্ষা
ছবি - সংগৃহীত
আমাদের কাগজ ডেস্কঃ ছাত্রলীগ কমিটির নেতৃত্বে আসতে হবে সমীকরণে, দিতে হবে পদপ্রত্যাশীদের লিখিত পরীক্ষাও। ইতিমধ্যে রংপুরের কাউনিয়া উপজেলা ও কলেজ ছাত্রলীগ কমিটির নেতৃত্ব বাছাইয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রংপুরের কাউনিয়া উপজেলায় সন্ধ্যায় কলেজ মাঠে শুরু হয় কর্মীসভা। এতে ৫০ নম্বরের এই পরীক্ষায় অংশ নেন অর্ধশতাধিক পদপ্রত্যাশী। পরীক্ষার্থীদের জন্য সময় বরাদ্দ ছিল ৩০ মিনিট।
ছাত্রলীগের নেতা নির্বাচনের জন্য এমন ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান চপল বলেন, আমরা দায়িত্ব পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে এটি প্রথম উপজেলা ও কলেজে সাংগঠনিক সম্মেলন। ছাত্রলীগ শিক্ষার্থীদের সংগঠন। কাজেই শুধু কাউনিয়া নয়, জেলার সব ইউনিটে আমরা এভাবে পরীক্ষা নিয়ে নেতৃত্ব বাছাই করবো।
জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ বলেন, অনেকেই বঙ্গবন্ধুর জীবন-আদর্শ সম্পর্কে জানেন না। নেতা নির্বাচনের জন্য পরীক্ষার মাধ্যমে তারা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবেন-শিখতে পারবেন। ‘কারাগারের রোজনামচা’ ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের ওপরই আমরা পরীক্ষা নিচ্ছি। এ পরীক্ষার মাধ্যমে একটি নতুন অধ্যায় সৃষ্টি হবে।
আমাদের কাগজ/এম টি