রাজনীতি ২৫ ডিসেম্বর, ২০২২ ০১:৩৮

প্রথম দিন মেট্রোতে করে অফিসে যাবেন প্রধানমন্ত্রী

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

কাগজ কাগজ ডেস্কঃ আগামী বুধবার (২৮ ডিসেম্বর) মেট্রো রেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন ট্রেনে করে অফিস করতে যাবেন সরকারপ্রধান। এছাড়াও একই দিনে উত্তরায় জনসমাবেশে ভাষণ শেষে মেট্রো রেলের উদ্বোধনের ঘোষণা করবেন তিনি। তারপর উত্তরা উত্তর স্টেশনে এসে ট্রেনের টিকিট কেটে প্রধানমন্ত্রী আগারগাঁওয়ের পথে রওনা হবেন। আগারগাঁও থেকে তিনি নিজ কার্যালয়ে চলে যাবেন।

মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে, প্রধানমন্ত্রীর সঙ্গে যাত্রী হিসেবে যারা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাবে তারা ফিরতি ট্রেনে উত্তরা উত্তর স্টেশনে ফিরে আসবে। ওই দিন ট্রেনটি আর কোনো যাত্রী পরিবহন করবে না। পরদিন বৃহস্পতিবার থেকে যাত্রীদের জন্য পুরোপুরি উন্মুক্ত থাকবে দেশের প্রথম মেট্রো রেল।

মেট্রোরেল সূত্রে জানা যায়, আপাতত প্রথম দিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রেন চলাচল করবে। এই সময়ে যাত্রী পরিবহন করা হবে। পরবর্তী সময়ে যাত্রী বাড়ার সঙ্গে সঙ্গে ট্রেনের সময়সূচি নির্ধারণ করা হবে।   মেট্রো রেললাইন-৬-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) নাজমুল ইসলাম ভূইয়া বলেন, প্রধানমন্ত্রীর ওই দিনের কর্মসূচি এখনো চূড়ান্ত করা হয়নি। একটি প্রস্তাব পাঠানো হয়েছে। সেটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন করা হবে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, দেশের প্রথম মেট্রো রেলের উদ্বোধনের মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে উদ্বোধনের দিন উত্তরা ১৫ নম্বর সেক্টরের উত্তরা পার্ক মাঠে জনসমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। উত্তরার মেট্রো রেলের ডিপো ও আগারগাঁও এলাকায় কোনো অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না।

এর আগে পদ্মা সেতু উদ্বোধনের সময় মাওয়া প্রান্তে একটি সুধী সমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। ওই সমাবেশ থেকেই পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে যান প্রধানমন্ত্রী। সেখানে হয়েছিল আওয়ামী লীগের জনসমাবেশ।

উল্লেখ্য, ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম বছর আগারগাঁও পর্যন্ত ট্রেন চললেও পরের বছরের শেষ দিকে মতিঝিল এবং তার পরের বছর মেট্রো ছুটবে কমলাপুর পর্যন্ত। 

মেট্রোরেল সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথম দিকে তিনটি স্টেশনে যাত্রী উঠানামার সুযোগ পেলেও ধাপে ধাপে স্টেশন ও যাত্রী পরিবহনের সুযোগ বাড়বে। প্রথম পর্যায়ে মেট্রোরেল যে অংশে চলাচল শুরু করবে, সেই উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া হবে ৬০ টাকা। উত্তরা উত্তর স্টেশন থেকে উত্তরা সেন্টার (মধ্য) ও উত্তরা দক্ষিণ স্টেশনের ভাড়া ২০ টাকা। 

এ ছাড়া প্রথম স্টেশন উত্তরা উত্তর থেকে পল্লবী ও মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা এবং শেওড়াপাড়া স্টেশনের ভাড়া ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি ট্রেনে সর্বমোট ২৩০৮ জন যাত্রী পরিবহনের কথা বলা হলেও প্রাথমিকভাবে ২০০ যাত্রী তোলা হবে। প্রথম তিন মাস এভাবে চলতে পারে। শুরুর দিকে রাজধানীর উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও যেতে সময় লাগবে প্রায় ২০ মিনিট। পরে সময় ১৬ থেকে ১৭ মিনিটে নেমে আসবে।এ বিষয়ে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেন, ইতোমধ্যে আমরা উত্তরা স্টেশনে নিয়ে যাত্রীদের প্রশিক্ষণ দেওয়ার পরও দেখেছি যাত্রীরা মেট্রোতে চড়ার বিষয়টি এখনো রপ্ত করতে পারেননি। ধীরে ধীরে উন্নতি হবে।

আমাদের কাগজ/এমটি