রাজনীতি ২৭ ডিসেম্বর, ২০২২ ১০:৩৪

রাজধানীতে গণমিছিলের অনুমতি পেয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩০ ডিসেম্বর রাজধানীতে গণমিছিল করার অনুমতি পেয়েছে বিএনপি।

আজ বিকেলে ডিএমপি কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধি দল সাক্ষাতে গেলে এ অনুমতি দেওয়া হয়। তবে গণমিছিল করার জন্য বিএনপিকে রুট নির্দিষ্ট করে দিয়েছে ডিএমপি। একইসঙ্গে যেকোনো ধরনের বিশৃঙ্খলা না করার শর্তও পুলিশের পক্ষ থেকে জুড়ে দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

তিনি বলেন, বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি সদর দপ্তরে এসেছিলেন আমাদের সঙ্গে বৈঠক করতে। তারা তাদের পূর্বঘোষিত দলীয় কর্মসূচি গণমিছিল আগামী ৩০ ডিসেম্বর করতে চান। আমরা সার্বিক বিবেচনায় পল্টন দলীয় কার্যালয় থেকে মগবাজার পর্যন্ত গণমিছিল করার অনুমতি দিয়েছি।

গণমিছিলকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অরাজকতার আশঙ্কা দেখছেন কিনা, এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, বিএনপির দলীয় গণমিছিল কর্মসূচি উপলক্ষে আমাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমরা বিশৃঙ্খলা বা অরাজকতার আশঙ্কা করছি না, তারা (বিএনপি) আমাদের সুশৃঙ্খল গণমিছিল করার প্রতিশ্রুতি দিয়েছেন। এরপরও যদি কেউ বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টির চেষ্টা করে বা করা হয় তাহলে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আমাদেরকাগজ/এইচএম