রাজনীতি ২২ সেপ্টেম্বর, ২০১৯ ০৫:৫৪

নতুন সভাপতি-সম্পাদকের আচরণে ক্ষুব্ধ বিএনপি নেতারা

ডেস্ক রিপোর্ট।।

ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের আচরণে ক্ষুব্ধ হয়েছেন সংগঠনটির নেতাকর্মীসহ বিএনপির সিনিয়র নেতারাও।

শনিবার(২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের কথা ছিল। নির্ধারিত সময়ে বিএনপি মহাসচিবসহ দলের সিনিয়র নেতারা আসলেও ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক যাননি।

মহাসচিবসহ সিনিয়র নেতাদের নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। ১১টার দিকে ছাত্রদলের দুই শীর্ষ নেতা আসলে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিএনপি নেতাদের অনেককেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

এদিকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পরাজিত ছাত্রদলের একাধিক প্রার্থী একটি জাতীয় দৈনিককে জানান, খোকন সভাপতি নির্বাচিত হওয়ার পর পরাজিত অনেক প্রার্থীকে ফোন করেছেন। কিন্তু সাধারণ সম্পাদক শ্যামল নির্বাচিত হওয়ার পরে পরাজিত কোনো প্রার্থীকে ফোন করেননি। সাধারণ সম্পাদককে অভিনন্দন জানাতে কেউ কেউ ফোন দিলেও তিনি ফোন ধরেননি।