আমাদের কাগজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিক্ষোভ থেকে বিএনপি নীরব কর্মসূচিতে এসেছে। পথ হারিয়ে বিএনপি পদযাত্রা শুরু করছে। বিক্ষোভ থেকে বিএনপি নীরব কর্মসূচিতে এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (৩০ জানুয়ারি) বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশ তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল বলেন আমাদের নাকি পায়ের তলায় মাটি নাই। পায়ের তলায় মাটি কার আছে, কার নাই দেখা যাবে নির্বাচনে। দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, এবার শুধিতে হইবে ঋণ। ধীরে, ফখরুল সাহেব, ধীরে চলুন। তিনি বলেন, আন্দোলনের মরণযাত্রা শুরু করেছে বিএনপি। তলে তলে বিএনপি ঠিকই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
সংসদ থেকে বিএনপির পদত্যাগ ভুল সিদ্ধান্ত ছিলো উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ডোনাল্ড লু ঢাকা এসে ঘুরে গেছেন। বিএনপি আশা করেছিল, তাদের সঙ্গে একটা বৈঠক করবে। সরকারকে চাপ দেবেন। নিষেধাজ্ঞার জন্য বসেছিলেন, নিষেধাজ্ঞা এলো না। হতাশায় ধুঁকতে-ধুঁকতে ফখরুল-আব্বাস হসপিটালে। মনে আছে? সোহরাওয়ার্দীতে না গিয়ে গোলাপবাগ গরুর মাঠে।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ কখনো পালিয়ে যায়নি। ওয়ান-ইলেভেনে পালানোর গল্প শুধু বিএনপির আছে। রাজনীতি না করার মুচলেকা দিয়ে পালিয়ে আছে। রিমোট কন্ট্রোলে অদৃশ্য নির্দেশে চলা আন্দোলন করে বাংলাদেশে জেতা যাবে না।’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, অ্যাডভোকেট কামরুল ইসলাম ও ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য দেন।
আমাদের কাগজ/এমটি




















