রাজনীতি ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০৭:২৯

খালেদা জিয়ার নির্বাচনের বিষয়ে যা বললেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচন করার যোগ্যতা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার বিকেলে অমর একুশে বইমেলায় বাংলাদেশ ছাত্রলীগের স্টল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া দণ্ডিত, তার নির্বাচন করার যোগ্যতা নেই। কারণ একজন দণ্ডিত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারে না। তবে বিএনপির নেতা হিসেবে তিনি যদি রাজনীতি করতে চান, তাহলে তাকে মুক্তির শর্ত অনুযায়ী করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির সব কর্মসূচির উদ্দেশ্য হলো গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করা। জ্বালাও-পোড়াও আন্দোলনের জন্য বিএনপি সব সময় সেরা ছিল। আন্দোলনের সফলতা না পেয়ে বিএনপি এখন বিশৃঙ্খলা ও সংঘাতের দিকে এগুচ্ছে। বিএনপির পদযাত্রা কর্মসূচির নামে বিশৃঙ্খলা করছে। আর আওয়ামী লীগ জনগণের নিরাপত্তার জন্য কাজ করছে। বিএনপি যতই বিশৃঙ্খলা তৈরি করুক না কেন, আওয়ামী লীগ রাজপথে থেকে জনগণের নিরাপত্তা ও দেশের গণতন্ত্র নিশ্চিত করবে।’

তিনি বলেন, আওয়ামী লীগ সংঘাত নয়, শান্তি চায়। কিন্তু বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে সংঘাতের দিকে যেতে চায়। ২০১৩-১৪ সালের মতো সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের মতো ঘটনার পুনরাবৃত্তি যেন করতে না পারে সেজন্য সরকারের পাশাপাশি আওয়ামী লীগ সতর্ক ও প্রস্তুত আছে।

আমাদেরকাগজ/এইচএম