আমাদের কাগজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নীতির কথা তারাই বলে,যারা বেশি দুর্নীতিবাজ। বিএনপির মুখে গণতন্ত্র, বাইরে স্বৈরাচার। শহীদ মিনারে প্রথম রক্ত ঝরিয়েছে বিএনপি, তারাই আবার সন্ত্রাসের কথা বলে। তারা রেল-বাসে মানুষ পুড়িয়ে মেরেছে। সন্ত্রাস কী তা বিএনপির চেয়ে কেউ জানে না।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সন্ত্রাস ও দুর্নীতি থেকে নেতাকর্মীদের দূরে থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মেধাবী মানুষ রাজনীতিতে না এলে মেধাহীনরা এমপি-মন্ত্রী হবে।
সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএপির মুখে সন্ত্রাসের বুলি ভূতের মুখে রাম নাম।
চলার পথে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে সংকল্প নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শিশু কিশোরদের প্রতি আহবান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ঝুঁকিপূর্ণ জীবন ধারণ করেন। ঝুঁকির মধ্যেও স্মার্ট বাংলাদেশ লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছেন।
সংগঠনের মহাসচিব কে এম শহিদ উল্যার সভাপতিত্বে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টুও এতে বক্তব্য রাখেন। সূত্র: বাসস।
আমাদের কাগজ/এমটি





















