রাজনীতি ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০২:১২

এই সরকারকে নামানোর ক্ষমতা কোনো দলের নেই: হানিফ

আমাদের কাগজ রিপোর্ট: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ২০১৩ সাল থেকে বিএনপি এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে বহু চেষ্টা করেছে। তার ফলাফল মানুষ জানে। আন্দোলন করে এই সরকারকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামানোর ক্ষমতা বিএনপির তো নেই, এ দেশে কোনো রাজনৈতিক দলের শক্তিও নেই। 

আজ সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া মোহিনী মিল-আদর্শ কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন। 

হানিফ বলেন, বিএনপির আন্দোলন তাদের নিজেদের কর্মী সমর্থকদের ও জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ছাড়া আর কিছুই নয়। এখন তারা যে কথাগুলো বলছে সেগুলোও ওই ভাঁওতাবাজিরই অংশ। 

হানিফ বিএনপিকে উদ্দেশ্য করে আরও বলেন, যদি অস্তিত্ব টিকিয়ে রাখতে চান তাহলে আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিন। সেই নির্বাচন সংবিধান অনুযায়ী এই সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনেই হবে। সরকারকে বাদ দিয়ে অসাংবিধানিক প্রক্রিয়ায় এ দেশে আর কোনো নির্বাচন হবে না। 

এ সময় পিলখানা হত্যাকাণ্ড নিয়ে হানিফ বলেন, ওই দিন খালেদা জিয়ার গতিবিধি ও আচরণ সন্দেহজনক যা এই ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার ইঙ্গিত দেয়। মির্জা ফখরুলেরা এখন উল্টা–পাল্টা কথা বলেন, সেদিন সকাল থেকে দুই দিন বেগম জিয়া কোথায় অর্ন্তধ্যানে ছিলেন তা খোলাসা করুন।

উদ্বোধনী অনুষ্ঠানে কুষ্টিয়ার কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুর ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার নন্দ্বীসহ দলীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

আমাদের কাগজ/টিআর