রাজনীতি ২৬ সেপ্টেম্বর, ২০১৯ ১১:৩৩

এবার সংসদ হুইপের বিরুদ্ধে টাইপ মেশিন চুরির অভিযোগ!

ডেস্ক রিপোর্ট।।

তিনটি চোরাই টাইপ মেশিনসহ জাতীয় সংসদের বর্তমান হুইপ শামসুল হক চৌধুরী পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন- একটি অনলাইন পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে নগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী এদাবি করেন।

১৯৮০ সালের ২০ আগস্ট চট্টগ্রামের ডবলমুরিং থানা পুলিশের অভিযানে তিনটি চোরাই টাইপ মেশিনসহ শামসুল হক নামের এক ব্যক্তি গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিয়ে একই বছরের ২২ আগস্ট চট্টগ্রামের ইংরেজি দৈনিক ‘দি ডেইলি লাইফ’ প্রতিবেদন প্রকাশ করে।

‘চোরাই টাইপ মেশিন জব্দ, একজন গ্রেপ্তার’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, ডবলমুরিং থানা পুলিশ গত বুধবার চোরাই তিনটি পুরাতন টাইপ মেশিন উদ্ধার করেছে। উক্ত ঘটনার সাথে জড়িত থাকায় একজনকে গ্রেপ্তার করেছে।

১৯৮০ সালের ২২ আগস্ট ইংরেজি দৈনিক দি ডেইলি লাইফের উক্ত সংবাদে আরো উল্লেখ করা হয়, বুধবার বিকেলে (২০ আগস্ট) শেখ মুজিব রোডের বাংলাদেশ ইন্টারন্যাশনাল নামে একটি টাইপ মেশিন মেরামতের দোকানে তিনটি চোরাই টাইপ মেশিন বিক্রি করতে যান রিয়াজউদ্দিন বাজারের সামশুল হক।

‘গোপন সূত্রে খবর পেয়ে একজন সাব ইন্সপেক্টরের নেতৃত্বে ডবলমুরিং থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে। পুলিশ টাইপ মেশিনগুলো জব্দ করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

অবশ্য একই ঘটনায় চট্টগ্রামের প্রাচীন দৈনিক আজাদী সংবাদ প্রকাশ করলেও সেখানে কাউকে গ্রেপ্তারের কথা উল্লেখ নেই। টাইপ মেশিন উদ্ধারের ঘটনায় ১৯৮০ সালের ২৩ আগস্ট এক কলামে সংবাদ প্রকাশ করে পত্রিকাটি। ‘৩টি টাইপ মেশিন উদ্ধার’ শিরোনামে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ ইন্টারন্যাশনাল রিপেয়ারিং এন্ড সেলস সার্ভিস নামের একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে পুলিশ সেখান থেকে ৩টি অপহৃত টাইপ মেশিন উদ্ধার করে। এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে থানা থেকে জানানো হয়।’