রাজনীতি ২৫ মার্চ, ২০২৩ ০৬:৪৭

বিএনপি পাকিস্তানের দালাল পার্টি: কাদের

নিজস্ব প্রতিবেদক: বিএনপি ২৫-২৬ মার্চের চেতনা ধারণ করে না বলেই গণহত্যা দিবসে কোনো কর্মসূচি পালন করে না বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,  বিএনপি পাকিস্তানের দালাল পার্টি। এদের প্রতিরোধ করতে হবে।

শনিবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গণহত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এদেশে একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তান এখনও ক্ষমা চায়নি। বিএনপি পাকিস্তানের দালাল পার্টি। এদের প্রতিরোধ করতে হবে। তারা কেন এ দিবস পালন করতে চায় না। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না বলেই, তারা আজ কোনো কর্মসূচি রাখে নাই। জঙ্গিবাদী অপশক্তির মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপিসহ কয়েকটি দল গণহত্যা দিবস পালন করে না। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছে আর বেগম খালেদা জিয়া ও তারেক রহমান শেখ হাসিনাকে হত্যা করতে গ্রেনেড হামলা চালিয়েছিল। বিএনপি-জামায়াতের হাতে এদেশের গণতন্ত্র নিরাপদ না। তাদের প্রতিহত করতে হবে।


আমাদেরকাগজ/এইচএম