রাজনীতি ৬ এপ্রিল, ২০২৩ ০৬:৪৭

র‌্যাব হেফাজতে জেসমিনের মৃত্যুর ঘটনায় কর্মসূচি দেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: নওগাঁয় র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় জনমত গড়ে তুলতে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের ব্যর্থতার কারণে সামগ্রিকভাবে দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন,সভায় নওগাঁয় র‌্যাবের দ্বারা সরকারি কর্মচারী সুলতানা জেসমিনকে বেআইনিভাবে তুলে নিয়ে নির্যাতনের মাধ্যমে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। অবিলম্বে দায়ী ব্যাব কর্মকর্তা ও সরকারের যুগ্ম-সচিব আজিজুল হকের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এ বিষয়ে জনমত গড়ে তোলার জন্য যথাযথ কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয়।

সভায় বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ক্ষয়-ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করা হয় বলে জানান তিনি। বলেন, পর পর এই ধরনের অগ্নিকাণ্ডের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করার ফলেই ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর উদাসীনতা, অযোগ্যতা, দুর্নীতি ও নজরদারির অভাবে সাধারণ মানুষকে ভয়াবহ পরিণতির স্বীকার হতে হচ্ছে।

সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ডয়েচে ভেলেতে প্রকাশিত ব্যাবের অপকর্মের ডকুমেন্টারি প্রকাশিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা মনে করে, এই ডকুমেন্টারি প্রমাণ করেছে যে, অনির্বাচিত সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে অবৈধভাবে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চায়। সভায় অবিলম্বে সংবিধানবিরোধী ও মানবাধিকারবিরোধী অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করার জোর দাবি জানানো হয়। 

সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


আমাদেরকাগজ/এইচএম