রাজনীতি ৬ এপ্রিল, ২০২৩ ০৮:৩৬

বিএনপি বঙ্গবাজারে অগ্নিকাণ্ড ঘটিয়েছে কি-না খতিয়ে দেখা হচ্ছে: কাদের

নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি বঙ্গবাজারে অগ্নিকাণ্ড ঘটিয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আজিমপুর কলোনি মাঠে লালবাগ থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতা করছে বিএনপি। তারা অতীতেও মানুষকে কষ্ট দিয়েছে, আজও পাশে না দাঁড়িয়ে কষ্ট দিচ্ছে। রাস্তা অবরোধ করে রোজার দিনে কীসের কর্মসূচি। রাস্তা বন্ধ করে রোজাদারদের বিএনপি কষ্ট দিলে, আওয়ামী লীগও শান্তিপূর্ণ অবস্থান নেবে।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবাজারে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি অগ্নিকাণ্ড নিয়ে রাজনীতির অপচেষ্টা করছে। বজ্রপাতে মানুষের মৃত্যু হলেও বিএনপি বলবে আওয়ামী লীগের দোষ। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে বঙ্গবাজারে অগ্নিকাণ্ড ঘটিয়েছে কি-না সেটা খতিয়ে দেখা হচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির হাঁড় ভেঙে গেছে, এই হাঁড় আর জোড়া লাগবে না। তাদের আন্দোলন গোলাপবাগে গিয়ে গুরুতর আহত হয়েছে। বিএনপির পদযাত্রা মানেই পতনযাত্রা। হাঁটু ভাঙ্গা দল আর দাঁড়াবে না।

তিনি বলেন, আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। এই সংকটের মধ্যেও দেশের মানুষ শেখ হাসিনাকে বিশ্বাস করে। শেখ হাসিনা কথা দিয়ে কথা রাখেন। আগামী নির্বাচনেও মানুষ শেখ হাসিনাকে ভোট দিয়ে ক্ষমতায় নেবেন।

বিএনপির সুষ্ঠু ভোটের নিশ্চয়তা সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপির প্রতি প্রশ্ন রেখে বলেন, আপনাদের সেই নিরপেক্ষ ব্যক্তি কে? তত্ত্বাবধায়কের নামে ২০০১ সালের মতো, ২০০৬ সালের মতো অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার তারা চায়। সেই তত্ত্বাবধায়ক বাংলার মানুষ চায় না।

আমাদেরকাগজ/এইচএম